বক্সার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা, নামছে ধস, ভারী বৃস্টিতে যাতায়াত বন্ধের আশঙ্কা

developer

আলিপুরদুয়ার, ২৪ জুলাইঃ রাস্তার কাজ ৮ মাস আগে শুরু হলেও এখন থমকে, আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের জিরো পয়েন্ট থেকে ভিউপয়েন্ট পর্যন্ত রাস্তার কাজের এমনই অবস্থা। বিগত চারদিনের বৃষ্টিতে এই রাস্তাটির ব্যাপক ক্ষতি হয়েছে, এছারাও নানান জায়গায় ধস নামতে শুরু করেছে, তবে বর্তমানে যাতায়াত এখনও বন্ধ হয়নি। ভারী বৃষ্টি হলে অবশ্য ওই এলাকা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে।

জেলা প্রশাসন থেকে জানা গেছে, অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর থেকে জিরো পয়েন্ট পর্যন্ত কংক্রিটের রাস্তা তৈরির জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই কাজ শুরু হয়েছিল। বালি, পাথর দেওয়া হলেও কংক্রিটের ঢালাই করা হয়নি বলে জানিয়েছে তারা। বন দপ্তরের বাধায় ওই কাজ আটকে যায় বলে অভিযোগ উঠেছিল। বৃষ্টি হলেই বক্সা পাহাড়ের সদর বাজার এলাকার জল ভিউপয়েন্ট হয়ে জিরো পয়েন্টে এসে পড়ে। ওই রাস্তায় কংক্রিটের ঢালাই নেই। ফলে ওই রাস্তা দিয়ে জল আসায় ক্ষতি বেশি হয়েছে।

বক্সা পাহাড়ের বাসিন্দা কিরণ থাপা বলেন, ‘আগে ওই রাস্তা খারাপ ছিল বলে নতুন রাস্তার কাজ শুরু হয়। এখন তো রাস্তা আরও খারাপ হয়েছে। বর্ষা শেষ হওয়া পর্যন্ত রাস্তার অস্তিত্ব থাকবে কি না, সেটা প্রশ্ন রয়েছে।’

রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনাম জাংমো ডুকপা বলেন, ‘কিছু জায়গায় ক্ষতি হয়েছে। তবে এখনও বড় ক্ষতির বিষয় নজরে আসেনি। বক্সা ফোর্ট যাওয়ার রাস্তার ওপর নজর রয়েছে। আদমা, চুনাভাটি যাওয়ার রাস্তা তো আগে থেকেই বেহাল রয়েছে।’

 

Share This Article
Leave a comment