ওয়েব নিউজ, ২৭ অক্টোবরঃ অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার বিশেষ সাংবাদিক বৈঠকের মধ্যদিয়ে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর দিনক্ষণ ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। প্রথামিকভাবে জানা গেছে, আজ বিকেল ৪টায় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করবে কমিশনের উচ্চপদস্থ আধিকারিকেরা।
সেখানেই কমিশন সম্ভবত এসআইআরের প্রথম ধাপ ঘোষণা করবে। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য থাকতে পারে তালিকায়। শুধু বাংলা নয়, সেই সাথে ভোটমুখী আরও কয়েকটি রাজ্যে এসআইআরের কথা ঘোষণা করা হতে পারে। তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরির সহ ১০ থেকে ১৫টি রাজ্য থাকবে আজকের তালিকায়।
জানা গেছে, ১ নভেম্বর থেকে বাংলায় এসআইআর শুরু হতে চলেছে। ৩ মাসের মধ্যে অর্থাৎ জানুয়ারির মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। কারণ বাংলায় এপ্রিল-মে মাসে বিধানসভা নির্বাচন রয়েছে। একইসঙ্গে অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা ভোট হওয়ার কথা। তবে আনুষ্ঠানিকভাবে এসআইআর শুরু না হলেও ইতিমধ্যেই ম্যাপিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। যা বিশেষ নিবিড় সংশোধনীর একটি বিশেষ ধাপ।
কমিশন সূত্রে খবর, এদিন ঘোষণার পর আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে এসআইআরের কাজ শুরু হবে। যদিও আগামী ১ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন বলে কমিশন সূত্রে খবর। প্রথমে দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সফটকপি নির্বাচনি নিবন্ধন আধিকারিকদের (ইআরও) পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন। তারপর সেগুলি পাঠানো হবে ছাপার জন্য।
একজন ভোটারের জন্য দুটো করে এনুমারেশন ফর্ম ছাপবে কমিশন। এখন বাংলার ভোটার সংখ্যা প্রায় ৭.৬৫ কোটি। তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে। এরপর ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পোঁছে দেবেন বিএলও-রা। ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি সহ জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে। অন্যটি বিএলও নিয়ে যাবেন।