দুদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, করবেন পর্যালোচনা বৈঠক

developer

ওয়েব নিউজ, ১০ নভেম্বরঃ দুদিনের সফরে আজ উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার দুপুরে কলকাতা থেকে বিমানে বাগডোগরার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর । তারপর সেখান থেকে চলে যাবেন উত্তরকন্যায় ৷

সেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ক্ষয়ক্ষতির মূল্যায়ন সংক্রান্ত প্রশাসনিক বৈঠকের কথা রয়েছে। সূত্রের খবর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার- এই পাঁচ জেলার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে আলিপুরদুয়ার ও কোচবিহারের প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। বন্যা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচিও রয়েছে বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পরিষেবা ও পুনর্বাসন সংক্রান্ত পর্যালোচনা বৈঠক ছাড়াও জেলাশাসক এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

নবান্ন সূত্রে খবর, রাজ্যজুড়ে প্রায় ১২ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। একইসঙ্গে, উত্তরবঙ্গের শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় একটি নতুন শিল্প প্লান্টের উদ্বোধনও এই সফরেই করতে পারেন মুখ্যমন্ত্রীর।

Share This Article
Leave a comment