ওয়েব নিউজ, ৩ নভেম্বরঃ সমস্ত শাপমোচন করে ৫২ রানে জয় ছিনিয়ে আনল ভারতীয় ক্রিকেটের মহিলা ব্রিগেড। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে এই জয় ছিনিয়ে আনল তারা। এবার সব হিসেব পাল্টে দিয়ে ইতিহাস তৈরি করলেন হরমনপ্রীতরা। প্রথমবারের ভারতের মেয়েরা বিশ্বকাপ জিতল।
এবারের বিশ্বকাপে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রান করে ভারত। ওপেনিং জুটি সপ্তম ওভারের মধ্যেই করে ৫০ রান। ১৭.২ ওভারে ১০০ রান পার করে দেয় দুই ওপেনিং ব্যাটার। অল্পের জন্য অর্ধশতরান করতে পারলেন না স্মৃতি মন্ধানা।
ক্লোয়ি ট্রিয়নের বলে ৪৫ রান করে আউট হলেন তিনি। মন্ধানা সুযোগ হারালেও অর্ধশতরান করেন শেফালি বর্মা। ৪৯ বলে ৫০ পূর্ণ করলেন তিনি। পায়ের পেশিতে টান ধরায় এমনিতেই খেলতে পারছিলেন না। বড় শট খেলার চেষ্টা করছিলেন। তা করতে গিয়েই ৮৭ রানে আউট হলেন শেফালি। খাকার বলে ক্যাচ দিলেন লুসের হাতে। শেষদিকে ২৪ বলে ৩৪ রান করেন রিচা,যার সুবাদে স্কোরবোর্ডে ২৯৮/৭ রান তুলতে সক্ষম হয় ভারতীয় দল।
জবাবে ব্যাট করতে নেমে লড়াই করলেন প্রোটিয়াদের ক্যাপ্টেন তথা ওপেনার লরা উলভার্ট। ৯৮ বলে ১০১ রান করেন তিনি। কিন্তু তাঁকে যোগ্য সঙ্গত করতে পারেননি দক্ষিণ আফ্রিকার আর কোনও ব্যাটার। ফলত তিনি আউট হয়ে যেতেই ভারতের জয় ছিল কার্যত কিছু সময়ের অপেক্ষা মাত্র। শেষ পর্যন্ত সেই আশা জিইয়ে রেখেই ফাইনাল ম্যাচটি ৫২ রানে জিতে নেয় ভারত।